কক্সবাজারের চকরিয়ায় একটি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদশা মিয়া (৫০) ২২ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছে। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার মো.হোসেনের ছেলে।
শুক্রবার (১৫ মার্চ) রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৫ কক্সবাজারের একটি আভিযানিক দল।
র্যাব-১৫ সুত্রে জানা গেছে, ২০০২ সালের ২৯ মে চকরিয়া থানায় রুজুকৃত একটি মামলার আসামি বাদশা মিয়া। মামলাটি দায়ের হওয়ার পর থেকে বাদশা মিয়া গ্রেফতার এড়াতে পলাতক হয়ে যায়।
এরই মধ্যে তিনি পলাতক থাকাবস্থায় কক্সবাজারের বিজ্ঞ আদালত বাদশা মিয়াকে সাত বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
দীর্ঘ ২২ বছর পলাতক থাকার পর গত শুক্রবার রাতে গর্জনতলীর নিজ বাড়ি থেকে র্যাব-১৫ কক্সবাজারের একটি আভিযানিক দল বাদশা মিয়াকে গ্রেফতার করেন। গতকাল শনিবার দুপুরে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব চন্দ্র সরকার বলেন, র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার করা সাত বছরের সাজাপ্রাপ্ত বাদশা মিয়াকে থানায় হস্তান্তর করেছে।
গতকাল বিকালে তাঁকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
চকো/জে







