ব্যাংক কর্মকর্তা সেজে প্রতারণার মাধ্যমে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় এক মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের সাড়ে ১৩ লাখ টাকার বিদেশি মদ্রা আত্মসাতের অভিযোগে সাবের হোসেন প্রকাশ নুরুল হুদা নামে এক জনকে গ্রেফতার করেছে পিবিআই। গত ৫ অক্টোবর রাত আড়াইটার দিকে নোয়াখালীর বসুরহাট পৌরসভার রুপালী চত্তর থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় আত্মসাতকৃত টাকার ৮ লাখ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার ১২ অক্টোবর, মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই’র পুলিশ সুপার নাইমা সুলতানা।
তিনি বলেন, সাবের হোসেন প্রাইম ব্যাংক কর্মকর্তা পরিচয়ে লালদিঘী এলাকার সিলভার মানি এক্সচেঞ্জ লিমিটেডের মালিক রিমন বড়ুয়ার সাথে সখ্যতা গড়ে তুলে। বিভিন্ন সময় বিদেশি মুদ্রা ভাঙ্গিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করে। পরে সুযোগ বুঝে ১৫ হাজার ডলার ও ২ হাজার সৌদি রিয়াল আত্মসাত করে পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে সে প্রতারণার মাধ্যমে মুদ্রা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে এবং প্রতারণাকৃত এসব ডলার ও রিয়াল নগরীর রিয়াজউদ্দিন বাজার, আগ্রাবাদ ও ঢাকার পল্টন থেকে ভাঙ্গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ও কতিপয় লোকের কাছে গচ্ছিত রাখে। পরে পিবিআই আসামী সাবের হোসেনের ব্যংক অ্যাকাউন্ট (অ্যাকাউন্ট নং-০৯৬৩০০০১০৫, স্ট্যান্ডার্ড ব্যাংক , ফেনী শাখা) থেকে ৮ লাখ ৪৯ হাজার টাকা জব্দ করা হয়।
পিবিআই জানায়, ঘটনার শুরু গত ২৭ জুন দুপুরে। আসামি সাবের হোসেন মুঠোফোনে ১৫ হাজার ডলার ও ২ হাজার সৌদি রিয়াল বিনিময় করার কথা জানায়। রিমন দোকানে না থাকায় ছোট ভাইকে দিয়ে আসামির সাবেরের কথা অনুযায়ী পাশের অগ্রণী ব্যাংকে পাঠান। সেই মুদ্রাগুলো নিয়ে ক্যাশ করার কথা বলে ব্যাংকের পিছনের দরজা দিয়ে কৌশলে পালিয়ে যায়।
সে ব্যাংক থেকে না ফিরলে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাও বন্ধ পাওয়া যায়। তার প্রতারণা বুঝতে পেরে রিমন বাদি হয়ে কোতোয়ালী থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কোন সমাধানে আসতে না পারায় তা পিবিআইকে হস্তান্তর করে কোতোয়ালী থানা পুলিশ।
পিবিআই তদন্তে নেমে মোবাইল ফোন এর সূত্র ধরে নোয়াখালীর বসুরহাট পৌরসভার রুপালী চত্বর থেকে প্রতারক সাবের হোসেনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তার বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও জানায় পিবিআই।






