রাজধানীর হাতিরঝিলে পানিতে ভাসমান অবস্থায় বেসরকারি টেলিভিশন জিটিভি’র নিউজরুম এডিটর রাহনুমা সারাহ’র মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মাকসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীর মরদেহ মর্গেই রয়েছে।
তিনি বলেন, রাত আনুমানিক ২টার পর কয়েকজন হাতিরঝিল থেকে একজন নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জিটিভি’র হেড অব নিউজ ইকবাল করিম নিশান জানান, জিটিভিতে দুই বছর ১০ মাস ধরে কাজ করছিলেন রাহনুমা সারাহ। এমনকি গতকালও তাকে অফিসে দেখা গেছে।
ইকবাল করিম নিশান আরো জানান, অফিসের বায়োমেট্রিকে দেখা যাচ্ছে যে গতকাল বিকাল ৫টা ৫২ মিনিটে রাহনুমা সারাহ অফিসে প্রবেশ করেছেন এবং বের হয়েছেন রাত ৯টা ২১ মিনিটে।
মি. নিশান বিবিসিকে জানান, রাহনুমা সারাহ’র বাড়ি কল্যাণপুরে, “যেহেতু অফিসের গাড়ি তাকে ওখানেই নামাতো সাধারণত।” সেক্ষেত্রে হাতিরঝিলে তার মরদেহ কীভাবে এলো, এ নিয়ে কিছুটা বিস্ময় প্রকাশ করেন মি. নিশান।







