সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বৃহস্পতিবার (৭অক্টোবর) থেকে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান।
উদ্বোধনী ফ্লাইটকে ঘিরে ইতোমধ্যে যাত্রীদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ইতোমধ্যে টিকিট বিক্রি প্রায় শেষ বলে জানিয়েছে বিমান।
বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য জানান, বৃহস্পতিবার সৈয়দপুর থেকে উদ্ধোধনী ফ্লাইট পরিচালনা করার জন্য সব ধরনের প্রস্ততি সম্পন্ন হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর ও জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।
উদ্বোধনী ফ্লাইট বিজি-৫৯২ সৈয়দপুর বিমানবন্দর থেকে সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।
এরপর থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইট বিজি-৫৯২ সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার এবং ৯ অক্টোবর থেকে প্রতি শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে ফ্লাইট বিজি-৫৩৮ কক্সবাজার থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।







