কক্সবাজারে হোটেলের সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোবাবর (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে ‘কক্স ওশান কটেজ’ এর সেপটিক ট্যাংকের ভিতরে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয় । এঘটনায় আশঙ্কাজনক রয়েছে আরো একজন শ্রমিক।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।
হত দুই শ্রমিক হলেন- কাশেম ও জাম্বু। চিকিৎসাধীন রয়েছে হামিদ নামে আরেক শ্রমিক। তবে তাদের ঠিকানা পাওয়া যায়নি।
জানা গেছে- কক্স ওশান কটেজটি ভেঙে নতুনভাবে নির্মান করা হচ্ছে গত দুই মাস আগে থেকে। কটেজ মালিক প্রবাসী মোস্তাকের হয়ে কটেজটি দেখাশুনা করছে জাকারিয়া ও আশরাফ নামে দুই ব্যক্তি। তাদের মাধ্যমে পুরাতন কটেজ ভেঙে নতুনভাবে নির্মাণের কাজ করছে আবুল নামে এক ঠিকাদার।
এরইমধ্যে রোববার (৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে কটেজের সেপটিক ট্যাংকের সাটারিং খুলে একজন শ্রমিক ভিতরে ঢুকে। দীর্ঘক্ষণ তার সাড়া শব্দ না পেয়ে অপর দুইজন শ্রমিকও সেখানে নামেন।
এক পর্যায়ে তারা সেখানে অজ্ঞান হয়ে যায়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়। এদিকে শ্রমিক মৃত্যুর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কটেজ নির্মাণের ঠিকাদার আবুল ও মালিকের ভাই আশরাফ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে দুই শ্রমিক নিহত হয়েছে। তাদের মরদেহ সদর হাসপাতালে পাঠানো। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।







