কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বেসরকারি উন্নয়ন সংস্থা শেডের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৩ এর নানা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় এসব কর্মসূচি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘কর্মজীবী মা-বাবার সহায়ক পরিবেশ গড়ি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি’।
এদিন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ৯ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সিআইসির সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সিনিয়র সহকারী সচিব সরওয়ার কামাল। প্রধান অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার সিভিল সার্জন ডাক্তার বিপাশ খীসা।
এছাড়া বক্তব্য রাখেন সহকারী ক্যাম্প ইনচার্জ হরিচরণ চৌধুরী, শেডের উপপরিচালক জিয়াউর রহমান, পুষ্টি কর্মসূচির ব্যবস্থাপক মো. আমির হোসেন, আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনিসেফ ও ডাব্লিউ এফপির প্রতিনিধিরা।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা সিভিল সার্জন বলেন, মায়ের দুধ মহান আল্লাহর দান। এর বিকল্প বা পরিপূরক কিছুই নেই।
উপস্থিত বক্তারা আরও বলেন, শাল দুধ একটি শিশুর জন্য প্রথম টিকা, যা তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। এ সময় তারা নবজাতককে পুরোপুরি ৬ মাস মায়ের দুধ খাওয়ানোর পাশাপাশি, ৬ মাসের পর থেকে অন্যান্য পারিবারিক খাবারে অভ্যস্ত করার পরামর্শ দেন।
শিশুকে সফলভাবে মায়ের দুধ খাওয়াতে পারিবারিক সহায়তার পাশাপাশি সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে উপযোগী পরিবেশ সৃষ্টির আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা।
সভাপতির বক্তব্যে ক্যাম্প ইনচার্জ বলেন, মায়ের দুধ শিশুর জন্য যেমন উপকারী, মায়ের জন্যও তেমন উপকারী। তাছাড়া শিশুকে বুকের দুধ খাওয়ালে মায়ের স্তন ক্যান্সারের ঝুঁকি কমে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেডের পুষ্টি কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার তাসমিয়াহ তানঈম ও পুষ্টি কেন্দ্রের সুপারভাইজার মো. আশরাফুল ইসলাম।
আলোচনা সভা শেষে সিআইসি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে অফিস সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেড পরিচালিত ক্যাম্প ৯ এ অবস্থিত পুষ্টি কেন্দ্র-২ এ এসে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি ফিতা কেটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৩ ও এর সপ্তাহ ব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন এবং পুষ্টি কেন্দ্রের চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। মাতৃদুগ্ধ সপ্তাহ চলবে ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত।







