লামার গজালিয়া ইউনিয়নের বাতেন টিলা এলাকায় গলায় ফাঁস দেয়া গৃহবধূ ইয়াছমিন আক্তার (১৮) এর লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাড়িতে আনা হচ্ছে।
আজ শুক্রবার (০৫ আগস্ট) সকাল ১০টায় নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফাঁস দেয়া গৃহবধূ ইয়াছমিন আক্তার লামা উপজেলার ১নং গজালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাতেন টিলা এলাকার মোঃ ইলিয়াছ এর মেয়ে এবং নবীর হোসেনের স্ত্রী।
নিহতের পিতা মোঃ ইলিয়াছ বলেন, পারিবারিক কলহের জের ধরে গতকাল বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকাল আনুমানিক ১০টায় তার মেয়ে ইয়াছমিন আক্তার গলায় ফাঁস দেয়। পরে পুলিশকে খবর দিলে গজালিয়া ক্যাম্পের আইসি কুতুব উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে বেলা ১১টায় লাশটি উদ্ধার করে।
তিনি আরো বলেন, বিয়ের পর থেকে স্বামীর সাথে কলহ লেগে ছিল তার মেয়ের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজালিয়া পুলিশ ক্যাম্পের আইসি কুতুব উদ্দিন বলেন, লাশের সুরতহাল শেষে বৃহস্পতিবার বিকেলে লাশটি বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে লামা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।







