জাতিসংঘ মহাসচিব বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন এখন অত্যন্ত কঠিন।
মিয়ানমারে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির তীব্র লড়াইয়ের কথা উল্লেখ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের তাৎক্ষণিক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন অত্যন্ত কঠিন হবে।
শনিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
জাতিসংঘের মহাসচিব বলেন, মিয়ানমারে লড়াই বন্ধ করা ও সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোকে একত্র করে একটি সমাধানের জন্য কাজ করতে হবে।
‘একই সঙ্গে আমাদের মিয়ানমারের ভেতরে মানবিক সহায়তা জোরদার করতে হবে, যাতে প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়’—আরও যোগ করেন তিনি।
বিস্তারিত কিছু না জানালেও রোহিঙ্গা প্রত্যাবসানে আরাকান আর্মির সঙ্গে সংলাপে বসা জরুরি হয়ে পড়েছেও মন্তব্য করেন আন্তোনিও গুতেরেস।







