কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এবাদুল্লাহ (৩৫) নামের একজন সাবমাঝি ( কমিউনিটি নেতা) কে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উখিয়ার কুতুপালংয়ের ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/৯ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত এবাদুল্লাহ ওই ব্লকের লাল মোহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
জানা গেছে , রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমারে তাদের ওপর চালানো নির্যাতনের তথ্য সংগ্রহ করছে আন্তর্জাতিক অপরাধ আদালত ।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ জুলাই) আদালতের প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে প্রতিনিধিরা রোহিঙ্গা ক্যাম্পে তথ্য সংগ্রহ করছিলেন।
এ সময় ক্যাম্পটির একটি ব্লকের উপ-প্রধান বা সাব মাঝি এবাদুল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সন্ত্রাসীরা ছুরিকাঘাতে এবাদুল্লাহকে হত্যা করে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।







