পেকুয়া উপজেলার মগনামা লঞ্চ ঘাট এলাকায় বেড়াতে গিয়ে ফেরার পথে ডাম্পার ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে সুমাইয়া সুলতানা রানু (২০) নামের এক তরুনী বধু নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে লড়ছেন নিহতের স্বামী মোটর সাইকেল আরোহী ফরহাদ হোসাইন (৩০)। গতকাল বুধবার (১৩ মার্চ)
রাত আনুমানিক ৭টার দিকে চকরিয়া মগনামা সড়কের মগনামা সীমান্তে কাটাফাড়ি ব্রীজ এলাকায় ঘটেছে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।
নিহত সুমাইয়া সুলতানা রানুর বাড়ি চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ মৌলভীরকুম এলাকায়। গুরুতর আহত তাঁর স্বামী ফরহাদ হোসেনের বাড়ি চকরিয়া উপজেলার বাটাখালী এলাকায়। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। অপরদিকে গুরুতর আহত ফরহাদ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পেকুয়া উপজেলা সরকারি হাসপাতালে ও পরে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে ।
মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আহত ফরহাদ হোসেন এর ভগ্নিপতি বদরখালী আলো আর্টের স্বত্বাধিকারী সাংবাদিক আলাউদ্দিন আলো। তিনি বলেন, তিনমাস আগে উভয়ের পরিবার সদস্যদের মধ্যে কথাবার্তার মাধ্যমে সুমাইয়া সুলতানা রানুর সঙ্গে ফরহাদ হোসেন এর বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কথা ছিল চলতি রমজান মাস শেষে বিয়ের আনুষ্ঠানিকতা করে নববধুকে ঘরে তোলা হবে। এরই মধ্যে গতকাল বুধবার ইফতারের পর মোটরসাইকেল চালিয়ে নববধূকে নিয়ে মগনামা ঘাটে বেড়াতে যান ফরহাদ হোসেন।
এদিন রাত আনুমানিক সাতটার দিকে মগনামা লঞ্চ ঘাট থেকে ফেরার পথে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত হন স্ত্রী সুমাইয়া সুলতানা রানু।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন, নিহত তরুনীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চকো/জে







