কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে দীর্ঘ সময় ধরে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। উপজেলা প্রশাসন বারবার অভিযান পরিচালনা করে আসলেও বালু লুটেরা চক্রের পরিবেশ বিধংসী বাণিজ্য কোনভাবেই ঠেকানো যাচ্ছে না।
এই অবস্থার মাঝেও অনেকটা দাপট দেখিয়ে চকরিয়া পৌরসভার দিগরপানখালী পয়েন্টে মাতামুহুরী নদীতে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন পুর্বক বাণিজ করছেন একটি চক্র।
গোপন সংবাদে বিষয়টি নিশ্চিত হয়ে গতকাল
বৃহস্পতিবার (১২অক্টোবর) দুপুরে চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডস্থ দিগরপানখালী এলাকায় অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।
এসময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পুর্বক অন্যত্রে পরিবহনকালে চারটি মিনি পিকআপ (ডাম্পার) গাড়ি ও দুইটি সেলো মেশিন জব্দ করা হয়েছে। পরে ডাম্পার গাড়ি গুলোকে জরিমানা করে অবমুক্ত করেছেন আদালত।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান বলেন, মাতামুহুরী নদীর দিগরপানখালী পয়েন্টে কতিপয় ব্যক্তিরা আইন লঙ্ঘন করে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।
বিষয়টি নিশ্চিত হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে সেখানে অভিযান চালিয়ে বালু পরিবহনে ব্যবহৃত ৪টি ডাম্পার গাড়ি ও দুইটি সেলো মেশিন জব্দ করে জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, অবৈধ বালু উত্তোলনে যারা জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে।







