কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির ৮টি ‘কালো পোয়া’ মাছ। ইতিমধ্যে মাছের দাম উঠেছে ২৫ লাখ টাকা। মাছের দাম হাঁকিয়েছেন ৩৫ লাখ টাকা।
সোমবার (২৮ নভেম্বর ) বিকেলে মাতারবাড়ির জেলেদের জালে মাছগুলো ধরা পড়ে। এর পরপরই মাছ গুলো মাতারবাড়ির সাইরারডেইল বাজারে মাছের মহালে ২৫ লাখ টাকা দামে কিনতে চেয়েছিলেন মৎস্য ব্যবসায়ীরা। মাছের মালিকের দাবি ৩৫ লাখ টাকা। এর কম হলে মাছগুলো চট্টগ্রামে নিয়ে যাবেন বলে জানা গেছে।
জানা যায়, মাতারবাড়ি সাইরারডেইল এলাকার বহদ্দার একে খানের মালিকানাধীন একটি ট্রলার প্রথম যাত্রায় মাঝি-মাল্লা নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। এরই মধ্যে সোমবার বিকালে সাগরে তার ট্রলারে জেলেদের জালে ৮টি পোয়া মাছ ধরা পড়ে। বড় বড় মাছ পেয়ে জেলেরা মহাখুশি। ট্রলারটি সাথে সাথে ফিরে আসে উপকূলে।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ জানিয়েছেন, সাগরে দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকায় এর সুফল পাচ্ছে জেলেরা। যার ফলাফল বিশাল আকৃতির এই আটটি মাছ। ইতোমধ্যে অনেক ব্যবসায়ী ২৫ লাখ টাকা মতো মাছ গুলি কিনতে চেয়েছেন, দামে কম হওয়ায় বিক্রি করেননি মাছের মালিক । মাছের সঠিক মূল্য না পেলে চট্টগ্রাম মাছের পাইকারি হাটে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে । সেখানে ফিশারি ঘাটে অথবা যে কোন ব্যবসায়ীকে উচ্চ মূল্যে মাছ বিক্রি করে দিবেন।
এবিষয় মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান জানান, মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা ও মাছের প্রজনন বৃদ্ধিতে সহায়ক হওয়ায় সাগরে মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। এখন যার সুফল পাচ্ছেন জেলেরা। প্রজনন বৃদ্ধি ও ছোট মাছগুলো বড় হওয়ার সুযোগ পাওয়ায় জেলেরা উপকৃত হচ্ছেন। এর আগেও বড় বড় মাছ পেয়ে অনেক জেলের ভাগ্য বদলে গেছে।







