কক্সবাজারের চকরিয়ায় বিরিয়ানি খাইতে দিয়ে অজ্ঞান করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালকের মৃত্যু হয়েছে। গত রোববার বিকাল তিনটার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়ার চালক জাকের হোসেন (৫৫) কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা এলাকার আজিজুর রহমানের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহাব উদ্দিন। তিনি বলেন, কাকারা ইউনিয়নের মাইজ কাকারা এলাকার বাসিন্দা জাকের হোসেন তিন দিন আগে দেড় লাখ টাকা দিয়ে একটি নুতন অটোরিকশা ক্রয় করেন। রোববার (৩০ অক্টোবর) দুপুরে চকরিয়া পৌরশহর চিরিঙ্গা থেকে দুই যুবক অটো রিকশা ভাড়া করে মাইজঘোনা এলাকায় নিয়ে গিয়ে রাস্তার পাশে দাঁড়ান।
এসময় তাদের হাতে থাকা তিন প্যাকেট বিরিয়ানি একটি প্যাকেট তাকে খাইতে দেন। খাওয়ার পরপরই জাকের হোসেন অজ্ঞান হয়ে পড়েন। তাকে রাস্তার পাশে ফেলে পরক্ষণেই ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে সটকে পড়েন। পথচারীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো: আবদুল জব্বার বলেন, বিষয়টি থানায় কেউ অবহিত করেনি। এরপরও লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।##







