চট্টগ্রামের বাঁখালীতে ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ নিহত হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২ টার দিকে বাঁশখালী থানায় গন্ডামারা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থল থেকে চারটি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, দুটি রাম দা, একটি ছুরি, ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।নিহত মো. আলমগীর প্রকাশ আলম ডাকাতের (৪৫) বিরুদ্ধে বাঁশখালী ও চট্টগ্রামের কয়েকটি থানায় ডাকাতি সহ নয়টি মামলা রয়েছে। নিহত আলমগীরের বাড়ি একই উপজেলায় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। তিনি জানান, র্যাবের একটি টিম গন্ডামারা এলাকায় টহল দিচ্ছিল। আকস্মিকভাবে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে কিছু দুর্বৃত্ত। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও গুলি ছোঁড়েন।
পাল্টাপাল্টি গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলম ডাকাতের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর।
তিনি বলেন, গুলিবিনিময়ের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।







