চকরিয়া উপজেলার বরইতলীতে রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। গতকাল ০১ জুন ভোর ০৩ টার দিকে বরইতলী ইউনিয়নের হাপালিয়া কাটা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তি হলেন মোস্তাক আহমদ (৫৫)। তিনি স্থানীয় মৃত কাদের হোসেনের পুত্র।
হারবাং পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক মহসিন চৌধুরী মৃত মোস্তাক আহমদের কন্যা রিফা(১৭) এর উদ্ধৃতি দিয়ে এ প্রতিবেদককে জানান, মৃত মোস্তাক আহমদ ঘুমন্ত অবস্থায় ঘটনার দিন উল্লেখিত সময়ে অসুস্থতা অনুভব করলে তাকে প্রথমে জামাল উদ্দিন নামক স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নেয়া হয়। পল্লি চিকিৎসক জামাল উদ্দিন মোস্তাক আহমদের অবস্থার অবনতি দেখে তাকে অন্যত্র নেয়ার পরামর্শ দিলে তাকে স্থানীয় মা-শিশু হাসপাতালে নেয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক কর্তৃক মোস্তাক আহমদকে মৃত ঘোষণা করা হয়।
সকালে বিষয়টি হারবাং ফাঁড়ির পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে মোস্তাক আহমদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি পূর্বক ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
এস. আই মহসিন চৌধুরী এই প্রতিবেদককে জানান মৃত মোস্তাক আহমদের সাথে স্ত্রী ও পুত্রের মত বিরোধ চলছে বলে স্থানীয় লোকজন তাকে জানান।
মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন না পাওয়ায় ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্তির পূর্বে এই মৃত্যুর কারণ জানা সম্ভব নয় বলে অভিজ্ঞ মহল মন্তব্য করেছেন।
চকো/জে







