কক্সবাজারের পেকুয়ায় সাংবাদিকের বাসাসহ দু’টি বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার(০৮ ডিসেম্বর) গভীররাতে উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লাঘোনাস্থ ডিসি রোডে দ্যা ডেইলি অবজারভার ও দৈনিক আমার সংবাদ এর পেকুয়া প্রতিনিধি সাংবাদিক নাজিম উদ্দিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। রাতে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, গভীররাতে চোরের দল সৌদি প্রবাসি ওয়াজ উদ্দিনের বাসায় হানা দেয়। তারা রান্নাঘরের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা স্বর্ণালংকার,টাকা ও মুল্যবান কাগজপত্র ও কয়েকটি ষ্ট্যাম্প নিয়ে যায়। পরে পেকুয়ার কর্মরত সাংবাদিক নাজিমের বাসায় হানা দিয়ে মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল।
এ বিষয়ে সাংবাদিক নাজিম উদ্দিন বলেন,পেশাদারিত্ব কাজে চৌমুহনী আমার অফিসে ব্যস্ত ছিলাম।
আমার স্ত্রীও বাসায় ছিলনা। জমিদারের বাসায়ও কেউ ছিলনা। মেইন গেইটে দরজায় তালাবদ্ধ ছিল। চোরের দল পাকা দেওয়াল টপকিয়ে প্রবেশ করে ভিতরের দিকে দরজায় হুক লাগিয়ে দেয়।
স্বর্ণালংকার,নগদ টাকা, ১টি মুঠোফোন ও মুল্যবান কাপড়সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ওমর হায়দার বলেন,সাংবাদিকের বাসায় চুরির খবর শুনে রাতে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।







