কক্সবাজারের পেকুয়ায় দুটি পুজা মন্ডপে হামলার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ১৩ অক্টোবর বুধবার সন্ধ্যা সাতটার দিকে পেকুয়া সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পূজা মন্ডপে হামলা চেষ্ঠা চালানোর খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও পেকুয়া থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্ঠা করেন।
এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক মোজাম্মেল হোসাইন, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য শাহনেওয়াজ, সাংবাদিক নাজিমুদ্দিন, রেজাউল করিম ও মো: ফারুক গুরুতর আহত হয়েছেন। তাঁদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
পেকুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস বলেন, বুধবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত মিছিল নিয়ে এসে পেকুয়া উপজেলার কেন্দ্রীয় দুর্গা মন্দির ও সুশীল পাড়া দুর্গা মন্দিরে হামলা চেষ্ঠা চালায়।
এসময় তারা মন্ডপ দুটির প্রবেশ তোরণ ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। বর্তমানে উপজেলার সকল মন্ডপে পূজা কার্যক্রম বন্ধ রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যরা দুর্বৃত্তদের প্রতিরোধের চেষ্ঠা করলে তারা চড়াও হয়।
অতর্কিত হামলা চালিয়ে পুলিশের উপ পরিদর্শক মোজাম্মেল হোসাইন ও ইউপি সদস্য শাহনেওয়াজকে মারধর করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।







