কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হবার পর তিনি গতকাল সোমবার ২৭ নভেম্বর নির্বাচনী এলাকা চকরিয়া পৌঁছে তাঁর সমর্থনে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন।
গতকাল সোমবার বিকালে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথাস্থ সিস্টেম চকরিয়া কমপ্লেক্স চত্বরে আয়োজিত বিশাল সমাবেশে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছৈয়দ আলম কমিশনার।
সমাবেশে এমপি জাফর আলম বলেন, নির্বাচনী এলাকার জনগণের চাপের মুখে আমি শেষপর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে থাকবো। তিনি বলেছেন- স্বাধীনতার ৪৩ বছর পর এই আসনে আওয়ামী লীগের এমপি হিসেবে প্রথমবার নির্বাচিত হয়ে জনগণের খুব কাছাকাছি ছিলাম। এজন্য জনগণ এবারের নির্বাচনেও আমাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছেন।
তাই জনগণের সেই ভালবাসা থেকে আমি কোনদিন দূরে থাকতে চাই না। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে এই আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে। এজন্য আমি মাঠে কাজ শুরু করবো।
জাফর আলম বলেন, ‘ইতোমধ্যে দলের প্রধান শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, দলের মধ্যে যদি কোন সম্ভাবনাময়ী প্রার্থী থাকে, তাদের কেউ যদি মনোনয়ন নাও পায় তাহলে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন। আমিও সেই সুযোগ হাতছাড়া করতে চাই না।
উল্লেখ্য কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ সিআইপিকে দলের নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে কেন্দ্র থেকে।







