গত কয়েকদিন ধরেই ডেঙ্গুতে আক্রান্ত এবং রোগী মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু হলো।
এ ছাড়া এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে ৮৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে ঢাকায় মারা গেছেন তিন জন। একজন বরিশাল শহরের বাইরে এবং চট্টগ্রাম শহরের বাইরে আরেক জন মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২২৪ জন ভর্তি হয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ১৮৬ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ১৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
এছাড়া, খুলনা বিভাগে ৭২ জন, বরিশাল বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ২৫, ময়মনসিংহ বিভাগে ১৩ জন এবং রংপুর বিভাগের হাসপাতালগুলোতে তিন জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১১৩ জন ডেঙ্গুতে মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছে বিশ হাজারের বেশি।







