টেকনাফ থেকে ৫০ হাজার ইয়াবা সহ ১৩ মামলার আসামী মো. রাসেলকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদারপাড়া নিজ বাড়ি থেকে রাসেলকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম।
গ্রেফতার মো. রাসেল, টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা আব্দুল গফুরের ছেলে।
ওসি মো. আব্দুল হালিম বলেন, টেকনাফ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায় সাবরাং ইউনিয়নের সিকদারপাড়ার মো. রাসেল বাড়িতে। এসময় অভিযানে মো. রাসেলের বসত বাড়ি সংলগ্ন টিনের ছাউনির নিচে কাঠের স্তুপ থেকে ৫০ হাজার ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
মো. রাসেলের বিরুদ্ধে টেকনাফসহ বিভিন্ন থানায় মাদক ও মানবপাচার সহ ১৩ টি মামলা রয়েছে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় টেকনাফ থানায় নিয়মিত মামলা শেষে রাসেলকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি আব্দুল হালিম।







