কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এসময় পাচার চক্রের একজন দালালকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ি এলাকা থেকে ১৮ জন ভিকটিম উদ্ধার এবং এঘটনায় একজন মানবপাচারকারী চক্রের দালালকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন।
উদ্ধারের মধ্যে ১১ জন নারী, ৫ জন শিশু এবং ২জন পুরুষ রয়েছে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পাহাড়ি একটি ঝুঁপড়ি ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ১৮ জন রোহিঙ্গা নাগরিককে জিম্মি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশের একটি অভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করলে একজন দালালসহ রোহিঙ্গা নাগরিকদের উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং আটক মানবপাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







