কক্সবাজারের টেকনাফ লেদায় বিজিবির সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে স্থানীয় ৬ ব্যক্তি গুলিবিদ্ধ এবং ১জন বিজিবি সদস্য আহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় ১ জনের মৃত্যু হয়েছে বলে গুঞ্জন উঠেছে।
বুধবার (২ আগষ্ট) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিজিবি লেদা এলাকায় লাল মিয়ার ছেলে জাফরকে আটক করলে স্থানীয়রা বিজিবির উপর চড়াও হয় এবং ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় বিজিবি গুলি চালালে ৬ স্থানীয় ব্যক্তি গুলিবিদ্ধ হন।
আহতরা হলেন, তৌহিদুল ইসলাম রাজু, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ ইসমাইল, হাফেজ মুজিবুর রহমান, রফিকসহ আরো একজন যার নাম জানা যায়নি।
এদিকে গুলিবিদ্ধ রফিক মারা গেছে বলে স্থানীয়দের মাঝে গুঞ্জন রয়েছে। সে রোহিঙ্গা বলে জানা গেছে। এ ঘটনায় ১ বিজিবি সদস্য আহত হয়েছেন।
এদিকে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মহিউদ্দিন জানিয়েছেন, লেদায় এক মাদক কারবারীকে আটক করা হলে স্থানীয়রা জড়ো হয়ে বিজিবিকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে। এসময় আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালায়। গুলিবিদ্ধ ১ জন আইওএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসময় ১ মাদক কারবারীকে আটক করা হয়।
এদিকে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, স্থানীয়দের সঙ্গে বিজিবি’র সংঘর্ষের খবর পেয়েছি। তবে ঠিক কি কারণে এঘটনার উৎপত্তি তা নিশ্চিত হয়ে জানাতে হবে।







