কক্সবাজারের টেকনাফের গহীন বনে অভিযান চালিয়ে ৫টি অবৈধ অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়ার বনে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলো, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড রঙ্গীখালী জুম্মাপাড়ার কামাল হোসনের ছেলে হেলাল উদ্দিন (২০) ও একই এলাকার বাসিন্দা কালা মিয়ার ছেলে মো. ঈসমাইল (২৫)। এরা উপজেলার দুর্ধর্ষ ডাকাত ফরিদুল আলম গ্রুপের সদস্য বলে জানা গেছে। কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী দুপুরে জানান, রঙ্গীখালী পাহাড়ে জুম্মাপাড়ায় দুর্ধর্ষ ডাকাত ফরিদুল আলম গ্রুপের সদস্যরা অবস্থান করার খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালায় । এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৬/৭ জন সশস্ত্র ডাকাত পাহাড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দুই ডাকাতকে আটক করা হয় । আটকদের কাছ থেকে উদ্ধার করা হয় অবৈধ একটি এসবিবিএল, ৪টি ওয়ান শুটার গানসহ ৫টি অবৈধ অস্ত্র। আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরও জানান, টেকনাফ এলাকায় ফরিদুল আলমের নেতৃত্বে একটি ডাকাত দল রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশ এলাকায় ডাকাতি, ধর্ষণ, অপহরণ, অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। ডাকাত ফরিদুল আলম গ্রুপ শুধু ডাকাতির সাথে জড়িত নয়, তারা রোহিঙ্গা ক্যাম্পে অন্যান্য ডাকাত গ্রুপের সাথে যোগাযোগ রক্ষা করে অস্ত্র ও গোলাবারুদ যোগান দিয়ে আসছিল। বিভিন্ন ব্যক্তিকে অপহরণের পর অপহৃতর পরিবার থেকে মুক্তিপণ আদায় করাই ছিল ডাকাত গ্রুপের নিয়মিত ঘটনা। আটককৃত ডাকাতদের টেকনাফ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে র্যাবের এই কর্মকর্তা জানান।#






