চট্টগ্রাম নগরীর হালিশহর আবাসিক এলাকায় রাস্তার পাশে খোলা নালায় পড়ে দুর্ঘটনায় শিকার হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। তবে গুরতর আহত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি। শুক্রবার (৮ অক্টোবর) ভোরে হালিশহর আবাসিক এলাকার এক নম্বর রোডের জে বøকে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবকের নাম ওয়াহিদ সাদী জালাল। তিনি একটি বেসরকারি কন্টেইনার ডিপোর কর্মচারী।
আহত ওয়াহিদ সাদী জালাল জানান, ভোরে ভাটিয়ারী থেকে অফিসের কাজ শেষ করে নয়াবাজার শাপলা আবাসিকের বাসায় যাচ্ছিলাম । কিন্তু বৃষ্টিতে পানি জমে রাস্তা ও নালা একাকার হয়ে যায়। এখানে রাস্তা নেই এটা কোনোভাবে বোঝার উপায় নেই। এছাড়া নালার উপর কালভার্টটি সরু। দুইপাশে খোলা নালা। নালায় পড়ে মোটরসাইকেলটি কালভার্টের নিচে থাকা পাইপে আটকে যায়। পরে চিৎকার শুনে স্থানীয়ারা এগিয়ে এসে আমাকে উদ্ধার করেন।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে আগ্রাবাদে নালায় পড়ে যাওয়ার সাড়ে ৪ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ছাত্রী শেহেরীন মাহমুদ সাদিয়ার (১৯) লাশ উদ্ধার ফায়ার সার্ভিস। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের ছাত্রী সাদিয়া চশমা কিনে মামার সঙ্গে বাসায় ফিরছিলেন। ভাগনিকে উদ্ধারের জন্য মামা সঙ্গে সঙ্গে নালায় লাফ দেন। কিন্তু ব্যর্থ হন।
এর আগে গত ২৫ আগস্ট নগরের মুরাদপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় চশমাখালে পা পিছলে পড়ে মুহূর্তের মধ্যে তলিয়ে যান সবজিবিক্রেতা ছালেহ আহমেদ (৫০)। এখনো তাঁর খোঁজ পাওয়া যায়নি। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরিফে যাওয়ার জন্য মুরাদপুরে এসেছিলেন তিনি।







