কক্সবাজারর চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে গর্তের ভেতরে বালু চাপা পড়ে আলী হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের রংমহলস্থ বগাচতর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন কক্সবাজার সদর উপজেলার খরুস্কুল ইউনিয়নের কুলিয়া পাড়ার বশির আহমদের ছেলে। নিহতের সত্যতা নিশ্চিত করেন ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন ।
এলাকাবাসী জানায়, ডুলাহাজারা ইউনিয়নের রংমহলস্থ বগাচতর ছরা এলাকায় পাহাড় ও সমতল ভূমিতে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে শ্রমিক ভাড়া করে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
ওই পয়েন্টে নিয়মিত বালু উত্তোলনের ফলে বেশ কয়েকটি বড় আকারে গর্তের সৃষ্টি হয়। এসব গর্তে নেমে বালু উত্তোলন করার সময় ঢাল থেকে বালু ভেঙ্গে চাপা পড়ে শ্রমিক আলী হোসেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে থেকে তাকে মৃত উদ্ধার করে।
এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, বালু চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে এসআই আবু সায়েমের নেতৃত্বে একদল ঘটনাস্থলে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি এজাহার দায়ের করেছেন।
ছবি: ফাইল ছবি







