স্থানীয় বনকর্মীদের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিটের অধিন সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে পাহাড় কেটে মাটি লুটের বাণিজ্য চালাচ্ছে কতিপয় মাটিখেকো চক্র। এই অবস্থায় বিষয়টি নিশ্চিত হয়ে মাটি লুটেরাদের থামাতে অভিযান তৎপরতা শুরু করেছেন বনবিভাগ।
এরই অংশ হিসেবে রোববার ভোররাত আনুমানিক তিনটার দিকে পাহাড় কেটে মাটি পাচারকালে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকা থেকে বনকর্মীরা মাটি ভর্তি একটি ডাম্পার ট্রাক গাড়ি জব্দ করতে সক্ষম হয়েছেন।
এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন সহ বনবিটের কর্মকর্তা-কর্মচারী ও ভিলেজাররা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন। তিনি বলেন, কতিপয় চক্র ডুলাহাজারা বনবিটের অধীন সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছে।
বিষয়টি গোপন সংবাদে নিশ্চিত হয়ে রোববার ভোররাতে অভিযান চালিয়ে মাটি ভর্তি একটি গাড়ীটি জব্দ করি। এসময় আমাদের গাড়ির লাইটের আলোত দেখে ভয়ে মাটি খেকোরা পালিয়ে যায়।তাই কাউকে আটক করতে পারিনি।
তিনি বলেন, পাহাড় কাটায় জড়িতদের খোঁজ নিয়ে জব্দ গাড়িসহ লুটেরাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চকো/জে







