কক্সবাজারের চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল সড়কে বিভিন্ন ফার্মেসীর বিরুদ্ধে অনুমোদন বিহীন ও আমদানি নিষিদ্ধ ভেজাল ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। বিষয়টি গোপনে জানতে পেরে চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ভেজাল ওষুধ উদ্ধার করেছে।
বুধবার (১ মার্চ) দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এর নেতৃত্বে আদালত এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, ওষুধ পরিদপ্তর ও স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে চকরিয়া সরকারি হাসপাতাল সড়কে এলাকাধীক ফার্মেসীতে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ভেজাল ঔষধ বিক্রি করা হচ্ছে।
এইধরনের অভিযোগ নিশ্চিত হয়ে চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত সরকারি হাসপাতাল সড়কে অভিযান চালিয়ে ৫টি ফার্মেসি মালিককে ১ লক্ষ ৯০ হাজার টাকা অর্থদন্ড করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান।
একইসময় আদালত পাঁচটি ফার্মেসী থেকে আনুমানিক ১ লক্ষ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন অবৈধ ঔষধ জব্দ করে ধ্বংস করে দিয়েছেন।
অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) কাজী মোহাম্মদ ফরহাদ ও চকরিয়া থানা পুলিশের একটি ইউনিট উপস্থিত ছিলেন।







