বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের নামের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।প্রাথমিকভাবে তালিকায় ৭০৮ জন নিহতদের পরিচয় জমা হয়েছে।
তবে এই সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে জানিয়েছে সরকার।
তথ্য সংশোধন বা সংযোজন করার জন্য তালিকাটি ২৩শে সেপ্টেম্বর থেকে আগামী ছয়ই অক্টোবর পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত জুলাই ও আগস্টে আন্দোলন চলাকালে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও জেলা পর্যায়ে তথ্য সংগ্রহ করে নিহতদের নামের খসড়া তালিকা করা হয়েছে, যা স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট (www.hsd.gov.bd) এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) প্রকাশ করা হয়েছে।
তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই, সংশোধন, পূর্ণাঙ্গ করতে নিহতদের পরিবারের সদস্য, ওয়ারিশ ও প্রতিনিধিদের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার।
এছাড়া প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য-উপাত্ত সংযোজন করার থাকলে সেটি সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্যও বলা হয়েছে।







