কক্সবাজার বিমানবন্দরের লিফটের ভেতরে আটকা পড়েছিল ঢাকাগামী চার যাত্রী। প্রায় একঘন্টা পর দরজা ভেঙ্গে তাঁদেরকে লাউঞ্জের লিফট থেকে উদ্ধার করে দমকল বাহিনী।
শনিবার সকাল সোয়া নয়টায় এ ঘটনা ঘটে। যাত্রীরা হলেন, বিপ্লব কুমার মহাজন, টুম্পা রানী বিশ্বাস, আন্তরিক মহাজন ও ঈমানা মহাজন । তাঁরা ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রী ছিলেন।
বিমানবন্দর সূত্র জানায়, লিফটের ভিতরে ৪ জন যাত্রী আটকে পড়ার বিষয়টি বিমানবন্দরের সিকিউরিটি অফিসারকে জানানোর পর দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ৬ জন কর্মী লিফটের দরজা ভেঙ্গে যাত্রীদের উদ্ধার করে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার শাহাদাত হোসাইন বলেন, লিফট আটকে পড়া ৪ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা ইউএস বাংলার ফ্লাইটেই পরে ঢাকা গেছেন। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হোসেন বলেন, যাত্রীরা লাউঞ্জে যাচ্ছিলেন। এই লিফট ব্যাংকের ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়।
লিফটের যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধান করা হচ্ছে। বিমাবন্দরের একটি সূত্র জানায়, লাউঞ্জের লিফটটি অনেক পুরনো। দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে সেটি ত্রুটিপূর্ণ হয়ে পড়েছে।







