কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে রবিবার একটি মামলা হয়েছে। এর প্রতিবাদে কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে সন্ধ্যার পর থেকে সড়ক অবরোধ করে তার সমর্থকরা।
রোববার (৩১ অক্টোবর) বিকেলে মামলাটি রুজু করা হয়। সদর মডেল থানার মামলা নম্বর ৫৩। তারিখ ৩১ অক্টোবর ২০২১। এ মামলার প্রতিবাদে কক্সবাজার শহরের প্রধান সড়কে মেয়র মুজিবুর রহমানের সমর্থকরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল বের করে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারকে গুলি করার ঘটনায় কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে তিনি আসামি বা বাদীর নাম প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেন।
গুলিবিদ্ধ মুনাফ সিকদারের বড় ভাই মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি করেন বলে জানা যায়।
উল্লেখ্য, গত বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারসহ দুইজনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুনাফ সিকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মুনাফ সিকদার (৩২) শহরের পেশকারপাড়া এলাকার শাহাব উদ্দিন সিকদারের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং শহর যুবলীগের সভাপতি প্রার্থী। আহত অপরজন হলেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ছনখোলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. তারেক (২২)।







