কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ-এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ১৫ নেতার অব্যাহতির আদেশ মাত্র দেড় মাসেই প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
গত ১২ জুন, অনুষ্ঠিত কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করার প্রেক্ষিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তাদের অব্যহতি দেওয়া হয়েছিলো।
১৬ জুলাই (রবিবার) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজেদের কৃতকর্মের জন্য ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ এবং ভবিষ্যতে এহেন আচরণ থেকে বিরত থাকার অঙ্গিকার করে অব্যাহতির আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন ১৫ নেতা ।
আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু তাদের অব্যাহতির আদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন বলে মুঠোফোনে নিশ্চিত করেছেন দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ।
অব্যাহতি মুক্ত হওয়া নেতাকর্মীরা হলেন- শহর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবদুর রহমান, আব্দুল মান্নান, শহর স্বেচ্ছাসেবক লীগ ১ নং ওয়ার্ডের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব জসিম উদ্দিন, ২নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সিদ্দিক ও সাধারণ সম্পাদক মুজিবুর হক, ৩নং ওয়ার্ড সভাপতি মুবিনুল হক মুন্না ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী আহমদ, নুর মোহাম্মদ শেখর, নুরুল আলম, মোহাম্মদ মোস্তফা, জসিম উদ্দিন সিদ্দিকী, কুতুব রানা, আবুল হোসেন ও শাহাদাত হোসেন।







