কক্সবাজারের উখিয়া থাইংখালীতে সন্ত্রাসী রাসেলের আস্তানায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিনসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বড়ইতলী এলাকায় অভিযান চালায় উখিয়া থানা পুলিশ ও বনবিভাগ।

জানা যায়, দীর্ঘদিন ধরে উখিয়ার থাইংখালীতে বনের বিভিন্ন স্পটে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল সন্ত্রাসী মোঃ রাসেল। সে পশ্চিম কোনার পাড়ার শেখ হাবিবুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার বিকালে সন্ত্রাসী রাসেলে ডেরায় অভিযান চালিয়ে তার অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় উখিয়া থানা ও বনবিভাগ। অভিযানে ২টি ড্রেজার মেশিন, ২টি লম্বা বন্দুক, বিপুল দেশীয় ধারালো অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয় । তবে অভিযানের খবর পেয়ে বালুখেকো ও অপরাধীরা পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, ঘটনাস্থল থেকে
অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় বন অধিদপ্তর।
অভিযুক্ত রাসেল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। সন্ত্রাসী রাসেলসহ তার বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।







