কক্সবাজারের উখিয়ায় র্যাব পরিচয়ে বিচরণ ও স্থানীয় লোকজনের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার সময় দুজন যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি ওয়াকিটকি সেট, ১ জোড়া হ্যান্ডকাফ, র্যাব পরিচয় পত্র,ব্যক্তিগত এনআইডি কার্ড, সেনাবাহিনীর মনোগ্রাম যুক্ত মানিব্যাগ, ১টি মোবাইল ফোন পাওয়া যায়।
আটকরা হলেন- খুলনা কয়রা উপজেলার আংটিয়ারা এলাকার ইব্রাহিম গাজীর ছেলে ফারুক হোসেন (৩৭) ও গোপালগঞ্জ কাশিয়ানি উপজেলার রাজপাট এলাকার আকরাম মুন্সির ছেলে মো. সুমন মুন্সি (৩২)।
মঙ্গলবার রাতে উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে স্থানীয়রা আটক করে ১৪ এপিবিএন পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো.ইকবাল।
তিনি বলেন, ‘র্যাব পরিচয় দিয়ে দু’জন যুবক প্রায় সময় ওই এলাকায় ঘুরাঘুরি করে বিভিন্ন তথ্য সংগ্রহ করছিল। গতকাল রাতে স্থানীয় লোকজন তাদের সন্দেহ করে পরিচয় জানতে চায়। তখন তারা সঠিক পরিচয় দিতে না পারায়, তখন স্থানীয়রা তাদের আটক করে আমাদের বিষয়টি জানালে একটি টিম ঘটনাস্থল থেকে র্যাব পরিচয় বহনকারী দুজন যুবককে আটক করা হয়।
পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন পুলিশের এই কর্মকর্তা৷
উখিয়া থানায় ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, কুতুপালং টিভি টাওয়ার এলাকায় ভূয়া র্যাব পরিচয় দানকারী দু’জন ব্যক্তিকে ১৪ এপিবিএন পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়।
তবে এখনো পর্যন্ত কোন মামলা নথিভুক্ত হয়নি। তবে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।







