কক্সবাজারের উখিয়া থেকে ২৫০ পিচ রাইফেল ও গুলি উদ্ধার করেছে শাহপুরী হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার পালংখালী গয়ালমারা এলাকা থেকে এসব উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপুরী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ এফএএম সাইফুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পালংখালী গয়ালমারা মোড় এলাকায় এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলো এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে ব্যক্তি উল্টো দিকে হাটা শুরু করলে পুলিশ ওই ব্যক্তিকে দাঁড়াতে বললে, সে তার সাথে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে পাহাড়ের ভিতরে দৌড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করলে, ব্যাগের ভিতর পলিথিন মোড়ানো অবস্থায় ১৫০ (দেড়শত) রাউন্ড রাইফেলের গুলি এবং ১০০ (একশত) রাউন্ড পিস্তলের গুলিসহ সর্বমোট ২৫০ (দুইশত পঞ্চাশ) রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সাইফুল আরও বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে এবং এঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।







