কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরে বন্দুকধারীর গুলিতে খুন হয়েছেন রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ (৫০)। আজ বুধবার(২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এশার নামাজের পর রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ব্লক ডি-৮ এ নিজ অফিসে বসে কাজ করছিলেন মুহিবুল্লাহ। এ সময় অজ্ঞাতনামা এক বন্দুকধারীরা তাঁকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় রোহিঙ্গারা তাঁকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মুহিবুল্লাহ পেশায় শিক্ষক এবং রোহিঙ্গাদের সংগঠন আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন । ২০১৯ সালের ২৫ আগস্ট উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গাদের নিয়ে সমাবেশ করে আলোচনায় আসেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিন) অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার বলেন, রোহিঙ্গা নেতা ও শিক্ষক মুহিবুল্লাহকে এফডিএমএন ক্যাম্প-১ ইস্টের ব্লক-ডি ৮ এ অজ্ঞাতনামা বন্দুকধারীরা গুলি করে। বন্দুকধারীরা তাঁর বুকে তিনটি গুলি করে। এতে তিনি মারা যান।
তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ দিকে এ ঘটনার পর ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।







