কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে জেলিফিশ। বুধবার বিকেলে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে এসব জেলিফিশ ভেসে আসে।
খবর পেয়ে সন্ধ্যার পর ভেসে আসা এসব জেলিফিশের নমুমা সংগ্রহ করতে যায় বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট- বোরির একদল বিজ্ঞানী।
মুঠোফোনে বোরির কেমিক্যাল ওশানোগ্রাফি বিভাগের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জানান, ভেসে আসা জেলিফিশে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
লোবোনিমুইডিস রোবোস্টাস বা সাদা নুইন্না প্রজাতির এই জেলিফিশের সংস্পর্শে গেলে কোন ধরণের ক্ষতি হয়না। তবে আরও বিস্তারিত গবেষণার জন্য বিজ্ঞানীর দল নমুনা সংগ্রহ করছে।
বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রাকৃতিক ভাবেই এসব জেলিফিশ ভেসে এসেছে সৈকতে।
এর আগে গেলো বছরের নভেম্বর ও আগস্ট মাসে আরো দুই দফা কক্সবাজার সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক জেলিফিশ ভেসে এসেছিল।







