কক্সবাজারের চকরিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে । এসময় বাসের ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী সড়কের পাশে খাদে পড়ে যায়, এঘটনায় ২ জন নিহত এবং বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের শাহাব উদ্দিনের ছেলে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ রায়হান (১৯), একই উপজেলার হারবাং ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ জিসান (২৫)।
শুক্রবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে চকরিয়ার ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মকছুদ আহমদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রীবাহী হানিফ পরিবহণের একটি বাস ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেল আরোহীকে দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয় এবং ট্রাকের সাথে বাসের সংঘর্ষে ১০-১২ জন বাস যাত্রী আহত হয়। ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহীসহ দুই ব্যক্তি মারা যান।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মকছুদ আহমদ বলেন, গাড়িগুলো জব্দ করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।







