মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের বাংলা বাজার নামক এলাকায় রাতের আঁধারে বাড়ির দরজা ভেঙে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। খুন হওয়া ব্যক্তির নাম নুরুল কবির (৫৬)। তিনি ওই এলাকার জনৈক জেবর মুল্লুকের পুত্র।
গত ৩০ ডিসেম্বর (শক্রবার) রাত আনুমানিক ১১ টার সময় এই ঘটনাটি ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য সরওয়ার আলম জানান, মাতারবাড়ী পাবলিক স্কুলের পাশে থাকা অল্প জমি নিয়ে স্থানীয় দুইটি গ্রুপের মধ্যে দীর্ঘ ত্রিশ-পয়ত্রিশ বছর যাবৎ বিরোধ চলছিল। বিরোধীয় জায়গাতে নির্মাণকৃত বাড়ির ভাড়া গ্রহণ নিয়ে দু’পক্ষের মধ্যে বহুবার ছোটখাটো ঝগড়াঝাটি হয়। সর্বশেষ এ বিরোধকে কেন্দ্র করে শক্রবার রাতে নুরুল কবির প্রতিপক্ষের আইয়ুব আলীকে কুপ দিয়ে শরীর থেকে হাত বিচ্ছিন্ন করে ফেলে।
হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি জানাজানি হওয়ার সাথে সাথে প্রতিপক্ষ ও এলাকাবাসী মিলে রাতে প্রতিপক্ষের বাড়ির দু’টি দরজা ভেঙে হামলা চালালে ঘটনাস্থলে নিহত হয় নুরুল কবির।
এ সময় নিহতের এক সন্তানকেও কুপিয়ে আহত করা হয়। তার অবস্থাও সংকটাপন্ন। আহত দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান, ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।







