কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান চকরিয়া পৌরসভার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন। গতকাল বিকালে জেলা প্রশাসক উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রেণী পেশার নাগরিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি চকরিয়া পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন।
এসময় চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও পৌরসভার প্রধান নির্বাহী মাস উদ মোর্শেদ পরিষদের কাউন্সিলরদের নিয়ে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচছায় বরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো রাহাত উজ জামান।
পরে কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান চকরিয়া পৌরসভা কার্যালয়ে মেয়র কাউন্সিলর ও পৌরসভার বিভিন্ন বিভাগের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, প্যানেল কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, মুজিবুল হক মুজিব, কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, ফারহানা ইয়াছমিন ফোরকান, কাউন্সিলর এম নুরুস শফি, সাইফুল ইসলাম, ইখতেখারুল ইসলাম হানিফ, জাফর আলম কালু, আবদু ছালাম, কাউন্সিলর নুরুল আমিন ও বেলাল উদ্দিন। এছাড়া মতবিনিময় সভায় চকরিয়া পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
চকরিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মাস-উদ মোরশেদ বলেন, পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় চকরিয়া পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
তিনি পৌরসভার বার্ষিক আয়-ব্যয় বাজেট, রাজস্ব আদায় জোরদারের পাশাপাশি রাজস্ব আয় বৃদ্ধিতে প্রকল্প গ্রহন, শহরে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম জোরদার, সড়ক,ড্রেনেজ ও লাইটিং ব্যবস্হার উন্নয়ন, পৌর পার্ক স্হাপন , যানজট নিরসনে সকল বাস সমুহ টার্মিনালে স্হানান্তরের কার্যকর ব্যবস্হা গ্রহন, শহর হতে পাইকারী ও খুচরা বাজার স্থানান্তরে ব্যবস্হা গ্রহনে পৌরসভার মেয়র ও পৌর পরিষদকে পরামর্শমুলক নির্দেশনা প্রদান করেন।







