কক্সবাজার জেলা সদর হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। জয়বাংলা বাহিনী’৭১ এবং সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়।
সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গৃহীত কর্মসূচির মধ্যে ১১ ডিসেম্বর সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন, ১১টা ২০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ এবং সংক্ষিপ্ত সংলাপ অনুষ্ঠিত হয়।
দিবসের বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, জয়বাংলা বাহিনী’৭১ প্রধান কামাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাসুদ কুতুবী, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, সাহিত্যকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল মাবুদ, ডা. শামসুদ্দোজা, ডা. হারুনুর রশিদ ও এস.এমআমিন উল্লাহ সিকদার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাফেজ ওমর ফারুক। পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী নাজমুল হুদা। গীতা পাঠ করেন শিক্ষার্থী সৌরভ দাশ।
গণমাধ্যম’কে বীর মুক্তিযোদ্ধা, জয়বাংলা বাহিনী’৭১ প্রধান কামাল হোসেন চৌধুরী জানান, পর্যায়ক্রমে কক্সবাজার জেলার বিভিন্ন থানা বিভিন্ন তারিখে হানাদার মুক্ত হয়েছিল। এরমধ্যে ৯ ডিসেম্বর উখিয়া, ১১ ডিসেম্বর কক্সবাজার মহকুমা সদর, ১২ ডিসেম্বর চকরিয়া ও টেকনাফ এবং মহেশখালী-কুতুবদিয়া। জয়বাংলা বাহিনীর তৎকালীন ক্যাপ্টেন কামাল হোসেন চৌধুরীর নেতৃত্বে কক্সবাজার মহকুমা সদর হানাদার মুক্ত হয়েছিল।







