বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পরিণত হল ঘূর্ণিঝড় সিত্রংয়ে। এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পশ্চিম বঙ্গের হাওয়া অফিসের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, ঘূর্ণিঝড় সিত্রং আছড়ে পড়তে পারে বাংলাদেশে।
উপকূলীয় অঞ্চল কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত ৭৩০ কিলোমিটার এলাকাজুড়েই এটি আঘাত আনতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ ফুটের বেশি জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (২৩ অক্টোবর) আবহাওয়া অধিদফতর থেকে দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ আকারে (অক্ষাংশ ১৫.৫ ডিগ্রী উত্তর এবং দ্রাঘিমাংশ ৮৯.২ ডিগ্রী পূর্ব) পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
এদিকে আনন্দবাজার জানিয়েছে, নিম্নচাপটি সন্ধ্যায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য অঞ্চলে অবস্থান করছিল। তারপর তা ক্রমেই উত্তরের দিকে এগোতে থাকে। শেষ ছ’ঘণ্টায় ১১ কিলোমিটার গতিবেগে উত্তরের দিকে এগিয়েছে গভীর নিম্নচাপ। তারপর পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে।
আনন্দবাজার আরো জানিয়েছে, এটি বিকেল সাড়ে ৫টার সময় বাংলাদেশের বরিশালের ৭৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এই ঘূর্ণিঝড়ের উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার, ২৪ অক্টোবর তা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তারপর আরও উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে।
আবহাওয়াবিদরা মনে করছেন, ২৫ অক্টোবর, মঙ্গলবার সকালে বরিশালের কাছে তিনকোণা দ্বীপ এবং সন্দীপের মধ্যে দিয়ে তা আছড়ে পড়তে পারে বাংলাদেশ উপকূলে।







