কক্সবাজারের টেকনাফে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার সাবরাং নয়াপাড়ার সরকারি বিদ্যালয় মাঠ সংলগ্ন বাজার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ওই ব্যক্তির নাম আবদুর রহমান( ৩২) । তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
নিহতের ভাই আবদুল গফুর বলেন, স্থানীয় বাসিন্দা হাবিবুল্লাহর সঙ্গে কিছুদিন আগে একটি বিষয় নিয়ে রহমানের কথা কাটাকাটি হয়েছিল। তখন তাকে দেখে নেওয়ার হুমকি দেন হাবিবুল্লাহ। এরই ধারাবাহিকতায় নেশা জাতীয় কিছু খাইয়ে পরিকল্পিতভাবে রহমানকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি জানান, সকালে রহমানের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। মৃতের মুখে আঘাতের চিহ্ন আছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত মোহাম্মদ ইয়াসিনের ছেলে রহমান। তিনি ডিজিটাল আর্থিক পরিষেবা ‘নগদ’-এর সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে বিষয়টি তদন্ত সাপেক্ষে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।







