কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকা থেকে হাতকড়া লাগানোর সময় পুলিশের হাত থেকে পালিয়ে গেছে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি।
রোববার (১৬ অক্টোবর) রাতে চকরিয়ার মালুমঘাটে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চন্দন কুমার চক্রবর্তী।
তিনি জানান, পুলিশ তাড়াহুড়ো করে আসামিদের গ্রেপ্তারের জন্য ঘটনাস্থলে পৌঁছান। আসামিদের হাতকড়া লাগানোর সময় হাত ফসকে পালিয়ে যায় তারা। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে মাঠে। খুব দ্রুতই তাদের আটক করা হবে।
পালিয়ে যাওয়া আসামীরা হলেন, ডুলাহাজারা ১নং ওয়ার্ড হাসিনা পাড়া এলাকার আকবর আহমদের ছেলে মনজুর আলম(৪৫)। সে তিনটি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি।
অন্যজন হলেন একই এলাকার গোলাম কাদেরের ছেলে শেখ মোহাম্মদ ফোরকান (৪০)। ফোরকানও চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।







