কক্সবাজারের কলাতলীতে অবৈধ দখলে থাকা ১২ দোকান উচ্ছেদ করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। শনিবার (১ অক্টোবর) দুপুরে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাইকোর্টের বাতিলকৃত প্লটসমূহ অবৈধভাবে দখল করে গড়ে ওঠা ঢাকা রান্না ঘর, কুমিল্লা কিচেন, ঢাকা রাধুনী রেস্টুরেন্টে এন্ড বিরানী হাউজসহ ৮ টি বাস কাউন্টার ও ১ দোকান ভেঙে দেওয়া হয়।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার বলেন, মহামান্য হাইকোর্ট কর্তৃক প্লটসমূহ বাতিল করা হয় কিন্তু বাতিলকৃত প্লটগুলো অবৈধভাবে রেষ্টুরেন্ট, বাস কাউন্টার ও বিভিন্ন দোকান গড়ে ওঠে। ফলে সরকারি জমি বেদখল হওয়ার পাশাপাশি কক্সবাজারে আগত পর্যটকসহ স্থানীয় জনসাধারণের চলাচলে অসুবিধা হয়। তাই উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে সরকারি জমি উদ্ধার করা হয়েছে।







