বান্দরবানে মংসাই মারমা নামে এক কবিরাজকে (বৈদ্য) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে তারাছা ইউনিয়নের কতং প্রু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মংসাই মারমা (৩৮) ঐ পাড়ার চিংহ্লা মং মারমার ছেলে।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন ঘটনার খবর পেয়ে রোয়াংছড়ি থানা থেকে পুলিশ সেখানে গিয়েছে।
কারা তাকে হত্যা করেছে তা পুলিশ তদন্ত করে দেখছে। তাড়াছা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উনুমং মারমা জানান নিহত ব্যক্তি জুম চাষের পাশাপাশি কবিরাজের কাজ করতো।
তবে কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে তাকে খবর দিয়েছেন বলে তিনি জানান। পরে পুলিশকে জানানো হয়।
পাড়ার লোকজন জানিয়েছেন তারা বিকেলে গুলির আওয়াজ শুনেছেন। পরে জঙ্গলে মংসাই মারমার লাশ দেখতে পান।
পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয় লোকজন ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন।







