চকরিয়ার মালুমঘাট বাজারে দিনে দুপুরে বয়োবৃদ্ধ হকারকে মারধর করে ৩২ শত টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীর মধ্যে আরিফ (২৭) নামের এক ছিনতাইকারীকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
সোমবার সকালে মালুমঘাট ষ্টেশনের আব্দুন্নবী মার্কেটের আড়ালে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ব্যাপারে চকরিয়া থানায় একটি মামলা হয়েছে।
প্যানেল চেয়ারম্যান শওকত আলী জানান, চকরিয়া উপজেলার মালুমঘাট বাজার এলাকার চিহ্নিত বখাটে আরিফ (২৭) ও হুমায়ুন ড্রাইভার (২৮) নামের দুই পেশাদার ছিনতাইকারী মিলে ফুটপাতের পাটি ও সাবান-সেম্পু বিক্রেতা ষাটোর্ধ হকার মোহাং শফি আলমকে ডেকে আব্দুন্নবী মার্কেটের পেছনে নিয়ে যায়।
বয়োবৃদ্ধ হকারকে মারধর করে মাটিতে ফেলে কোমরে রক্ষিত ৩২ শত টাকা কেড়ে নিচ্ছিল। ধস্তাধস্তি ও চিৎকার শুনে পার্শ্বের লোকজন এগিয়ে আসলে দুই ছিনতাইকারীর হাত থেকে বৃদ্ধ হকারকে উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। খবর পেয়ে স্থানীয় ডুলাহাজারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শওকত আলী চৌকিদার পাঠায়।
অনেক খুঁজাখুঁজির পর আজ মঙ্গলবার সকালে জনতার সহযোগীতায় ঘটনার সাথে জড়িত আরিফ নামের এক ছিনতাইকারীকে আটক করে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের নিকট নিয়ে যায়। চেয়ারম্যান ছিনতাইকারী আরিফকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ আদালতে সোপর্দ করেছেন।
ছিনতাইকারী আরিফ স্থানীয় চা বাগান উত্তর পাড়ার ছাবের আহমদের পুত্র। ছিনতাইয়ের শিকার হকারের নাম মোং শফি আলম (৬০) নন্দাখালী মুরা পারা, জোয়ারিয়া নালা, রামু এলাকার মৃত সিকান্দর আলীর পুত্র।
চকরিয়া থানার এসআই সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মালুমঘাট বাজারে বয়োবৃদ্ধ হকারকে মারধর করে মাটিতে ফেলে ৩২ শত টাকা কেড়ে নেয়ার ঘটনায় আরিফ নামের এক ছিনতাইকারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এবং এব্যাপারে একটি মামলাও হয়েছে।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, এলাকার চিহ্নিত বখাটে আরিফ (২৭) ও হুমায়ুন ড্রাইভার (২৮) বৃদ্ধকে মারধর করে টাকা ছিনতাই করে মোবাইল নিতে কাড়াকাড়ি করছিল। লোকজন এগিয়ে আসায় বখাটেরা পালিয়ে যায় এতে বড় ধরনের সহিংসতা থেকে রক্ষা পায়।







