শ্মশানে পূজা দিয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় আজ মঙ্গলবার ভোরে ৪ ভাইয়ের প্রাণ গেছে। আহত হয়েছে অপর ৩ জন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া চকরিয়া ডুলাহাজারা মালুমঘাট এলাকায় ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে ফাঁড়ির এসআই শাফায়েত হোসেন দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা ওই ইউনিয়নের রিংভং এলাকার মৃত সুরেশ চন্দ্র দে’র ছেলে অনুপম দে (৪৭), নিরুপম দে (৪৫), দীপক দে (৪০) ও চম্পক দে (২৫)। আহত হয়েছে ৩ জন। আহতদের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই শওকত জানান, “ওই পরিবারের নয়জন ভোরে স্থানীয় শ্মশানে পূজা দিয়ে বাড়ি ফিরছিলেন।
রাস্তা পারাপারের সময় কক্সবাজারের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক ভাইয়ের মৃত্যু হয়।
পরে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পরে আরও তিন ভাই মারা যায়।”
মৃতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।







