কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের দাবী করেছেন স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
এ দাবীতে তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি আবেদন করেন।
রবিবার বিকালে চকরিয়ার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, আগামী ২৬ ডিসেম্বর চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।
নির্বাচনের আগে এসব সন্ত্রাসীরা ভোটারদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। তারা ভোট গ্রহণের দিন কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই, ভোটারদের মারধর ও ভোট প্রদানে বাধা দেওয়ার হুমকি দিচ্ছে বলে তিনি দাবী করেন।
জসিম আরো বলেন, চিরিঙ্গা ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। এসব মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকলেও তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হলে সন্ত্রাসীরা সুষ্ঠু ভোট গ্রহণে বাধা সৃষ্টি করতে পারবে না।
তিনি নির্বাচন কমিশনের কাছে চিরিঙ্গা ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট প্রহণের দাবী জানিয়েছেন।







