কক্সবাজার বিমান বন্দরে উড্ডয়নের সময় বিমানের সাথে ধাক্কায় ২ গরুর মৃত্যুর ঘটনায় দায়িত্বরত ৪ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন বিমান বন্দরের ম্যানেজার গোলাম মুতুর্জা।
বুধবার বিকেল ৪ টার দিকে তিনি জানান, গরুর মালিক শনাক্ত করা সম্ভব হয়নি। কিভাবে গরু ২ টি বিমান বন্দরে প্রবেশ করেছে তা তদন্ত করতে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কক্সবাজার বিমান বন্দরের রানওয়েতে ঢুকে পড়া দুটি গরুর সাথে উড্ডয়নমান বিমানের ধাক্কার লাগার ঘটনা ঘটেছে। এতে গরু দুটির মৃত্যু হলেও বিমানের কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিমানের এই ফ্লাইটে ৯৪ জন যাত্রী ছিলেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (BG-438) ৯৪ জন আরোহী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের সময় এই দুর্ঘটনা ঘটে।
এসময় রানওয়ের ১৭নং ডেল্টা পোষ্ট এলাকায় গরু দুটির সাথে বিমানটির ডান পাখার সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গরু দুটির মৃত্যু হয়।
কক্সবাজার বিমান বন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি সফলভাবে উড্ডয়নের পর নভোএয়ার ও ইউএস বাংলার আরও দুটি ফ্লাইট উড্ডয়ন করে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানটি ৭টা ৫ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।
তিনি বলেন, গরু দুটির মালিক কে তা এখনো জানা যায়নি। গরু দু’টি রানওয়ে থেকে সরিয়ে রানওয়ের পাশে রাখা হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিমানবন্দর পুলিশ ক্যাম্পের পরিদর্শক মনিরুজ্জামান ও এসআই তাজউদ্দীন।







