কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জিইসি মোড় এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
বদিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১৫।
র্যাব সূত্রে জানা যায়, বদিকে কক্সবাজারের টেকনাফ থানায় দায়ের করা হত্যাচেষ্টার একটি গ্রেফতার দেখানো হয়েছে। গত ১৮ আগস্ট আবদুল্লাহ নামের এক ব্যক্তি মামলাটি করেন। এতে বদিসহ ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেফতারের পর বদিকে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে র্যাব।
নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে দলের মনোনয়ন দেওয়া হয়। তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।







